
ধূসর রঙের টিশার্ট, কালো লেদার জ্যাকেট। জলপাই রঙের ট্রাইজার। চোখে কালো মোটা ফ্রেমের চশমা। জেল দিয়ে চুলে ব্যাকব্রাশ।
এক মুখ হাসি নিয়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং-র বাড়িতে হাজির বলিউড পারফেকশনিস্ট আমির খান। সূত্রের খবর, রবিবার রাতেই কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পা রাখেন আমির খান। সেখান থেকে কোনও প্রচার ছাড়াই সোজা সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। সোমবার সকাল থেকে অরিজিৎ সিংয়ের বাড়ি উত্তরণেই রয়েছেন তিনি।
অরিজিতের বাড়িতে তাঁদের এই সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। যদিও দুই তারকার পক্ষ থেকেই এই বৈঠক নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে।






