
প্রিয়াঙ্কা সরকারকে না জানিয়েই সিনেমার কাস্টিংয়ে তাঁর নাম ঘোষণা। সকালে খবরের কাগজ দেখেই পরিচালকের অফিসে অভিযোগ জানাতে ছোটেন অভিনেত্রী।
তারপরই ঘটে মহাবিপত্তি। কথা বলে বেরনোর সময়ে প্রিয়াঙ্কা দেখেন দরজা লক করা। আটক করা হয়েছে তাঁকে। তার পরই পরিচালকের উপর চড়াও হন অভিনেত্রী। ক দিন আগে প্রিয়াঙ্কা সরকারের ইনস্টাগ্রামে এমন ভিডিও দেখে প্রথমটায় ফ্যান ফলোয়াররা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।তবে ভিডিওর শেষেই আসল বিষয়টা খোলসা হয়। এটা তাঁর নতুন ছবি চিচিং ফাঁক-এর প্রচার কৌশলী মাত্র। সারভাইভাল থ্রিলার ঘরানার সিনেমা। এদিকে দুর্গম পরিস্থিতিতে সারভাইভাল স্ট্র্যাটেজি নিয়ে পশ্চিমী বিনোদুনিয়া কিংবা বলিউড,দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিতে বহু সিনেমা থাকলেও সারভাইভাল থ্রিলারের চল খুব একটা টলিউডে নেই। তবে এবার সেই স্বাদ পেতে চলেছেন দর্শকরা। ভিন্ন স্বাদের সিনেমার নেপথ্যে অরিজিৎ সরকার।থ্রিলারে ফ্যান্টাসি, হরর, কমেডির মিশেল থাকছে। কিছুদিন আগেই শেষ হয়েছে এই ছবির শুটিং। যে ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রিয়াঙ্কা সরকার। তিনি ছাড়া দীপক দাস অন্যতম প্রধান চরিত্রে। অমিত সাহা এবং নিমাই বসুও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির নাম,চিচিং ফাঁক। পরিচালনায় অরিজিৎ সরকার। প্রিয়াঙ্কার কথায়,অরিজিতের কাছে প্রথম যখন গল্পটা শোনেন তখনই মনে হয়েছিল এই চরিত্রটা করতে চান। এই প্রথম কোনও সার্ভাইভাল থ্রিলারের কাজ করলেন। সাসপেন্স আর মজার অদ্ভুত ভারসাম্য রয়েছে চিত্রনাট্যে।পরিচালক অরিজিৎকে অনেকদিন ধরে চেনেন। খুব প্রতিভাবান। পুরো টিমের সঙ্গে কাজ করেই খুব ভালো লেগেছে। জানা যাচ্ছে,মফঃস্বলের প্রেক্ষাপটে গল্প। একটি ছেলে আর মেয়ে সাংসারিক মায়াজাল পেরিয়ে নিজেদের মতো বাঁচার তাগিদে অ্যাডভেঞ্চারে বেরোয়।
তারপর কিছু অপ্রত্যাশিত বিপদের মুখোমুখি হয়। এবং শুরু হয় তাদের আশ্চর্য জার্নি। ফ্যাটাসি, হরর আর কমেডির মিশ্রণ দেখতে পাবে দর্শক। সিনেমার গল্পে আরব্য রজনীর ছায়া রয়েছে।









