
মাসিক ভাতা বৃদ্ধি সহ নিজেদের বেশ কিছুর দাবির ভিত্তিতে ক্ষোভে ফুঁসছেন আশা কর্মীরা। ফের ডাক দিয়েছেন স্বাস্থ্য ভবন অভিযানের। কলকাতার শিয়ালদা, উত্তরববঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা প্রান্ত থেকে সকাল থেকেই আসতে শুরু করেছেন আশা কর্মীদের বড় অংশ।
কলকাতায় স্বাস্থ্য ভবনে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরুপ নিগমের কাছে তাঁদের ডেপুটেশন দেওয়ার কথা। কিন্তু দিকে দিকে বাধা পুলিশের। কোথাও আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। কোথাও আবার পুলিশের চোখে ধুলো দিয়ে পোশাক বদলে কলকাতার ট্রেনের চড়ে বসেছেন আশা কর্মীরা। এমনই ছবি দেখা গিয়েছে রাজ্যের নানা প্রান্তে। বুধবার সকালে বাঁকুড়া স্টেশনে কলকাতার ট্রেন ধরতে আশা কর্মীদের পুলিশ স্টেশনে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। স্টেশন চত্বর থেকে বেশ কয়েকজন আশা কর্মীকে গাড়িতে চাপিয়ে নিয়েও যায় পুলিশ। পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনে চড়ে কলকাতার উদ্যেশ্যে রওনা দেওয়ার চেষ্টা করেন বাঁকুড়ায় কর্মরত আশা কর্মীদের একাংশ। অভিযোগ কোথাও বাস থেকে টেনে হিজড়ে নামিয়ে দেওয়া হচ্ছে কোথাও বা রাতে বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে পুলিশ। ইতিমধ্যেই খানাকুলের এক আশা কর্মীর বাড়িতে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে।
অন্যদিকে সমস্ত নানা প্রান্তেই আবার পুলিশি বাধা উপেক্ষা করে কলকাতার আন্দোলনের পথে আশা কর্মীরা। মেদিনীপুরেও আবার পুলিশের হাতে আটক হয়েছেন আশা কর্মীরা। চলছে ধরপাকড়।






