
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা করায় সোমবার এশিয়ার শেয়ারবাজারে বেশির ভাগ সূচক নিচে নেমেছে।প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যেকোনো দেশ থেকে আমেরিকায় প্রবেশ করা স্টিলের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপরও শুল্ক বসানো হবে।
প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন, অন্যান্য দেশ যেভাবে আমেরিকার পণ্যে শুল্ক বসায়, সেভাবে তিনিও পাল্টা শুল্ক আরোপ করবেন। তার এই ঘোষণার পর বাজারে অস্থিরতা বেড়ে গেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার ফলে বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এর ফলে কানাডীয় ডলার, মেক্সিকান পেসো ও দক্ষিণ কোরিয়ান ওনের মতো মুদ্রাগুলো দুর্বল হয়ে গেছে।বাণিজ্য তথ্য অনুযায়ী, কানাডা, আমেরিকার সবচেয়ে বড় স্টিল ও অ্যালুমিনিয়াম সরবরাহকারী। এ ছাড়া ব্রাজিল, মেক্সিকো ও দক্ষিণ কোরিয়াও উল্লেখযোগ্য পরিমাণে স্টিল রপ্তানি করে আমেরিকায়।এর আগে,ওয়াশিংটনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে না পারলে জাপানের পণ্যের ওপরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।এদিকে শেয়ারবাজারে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সিডনি, সিউল, ম্যানিলা, ব্যাঙ্কক, মুম্বাই, জাকার্তা, ওয়েলিংটন ও তাইপেতে শেয়ারবাজার নিম্নমুখী ছিল। তবে হংকং ও সাংহাইয়ের বাজার উল্টো বেড়েছে,বিশেষ করে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ভালো পারফরম্যান্সের কারণে।








