
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে ক্ষমতা ধরে রেখেছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। শেষ পর্যন্ত চলতি নির্বাচনে লেবার পার্টির কাছে পরাজিত হয়েছে পিটার ডাটনের নেতৃত্বাধীন লিবারেল পার্টি। ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল লিবারেল পার্টির সুপ্রিমো পিটার ডাটন।
সেই সঙ্গে দেশকে আরও একবার নেতৃত্ব দেওয়ার জন্য অ্যান্টনি আলবানিজকে শুভেচ্ছাও জানিয়েছেন। এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটগণনা শুরু হতেই দেখা যায় লেবার পার্টির উপরেই অস্ট্রেলিয়ার ভোটাররা ফের আস্থা রেখেছেন। ব্রিসবেনের ডিকসনে নিজের গড় থেকেই হেরে গিয়েছেন লিবারেল পার্টির প্রধান পিটার ডাটন।
গত ২২ এপ্রিল থেকে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনের জন্য ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছিল। আগাম ভোট দিয়েছিলেন ৮০ লক্ষ অস্ট্রেলিয়। বাকিরা শনিবার ৩ মে ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন। ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।









