
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশে। সরকার নির্বাচনের জন্য ভোট দেওয়ার পাশাপাশি আরও একটি বিষয়ে মত দেবেন বাংলাদেশের সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হবে।
চলবে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। মোট ২৯৯টি আসনে ভোট হচ্ছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে। মোট ৫০টি রাজনৈতিক দল ভোটে লড়ছে। প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮। তাঁদের মধ্যে মহিলা রয়েছেন ৮৩ জন। ২০ জন মহিলা কোনও দলের টিকিট ছাড়াই স্বতন্ত্র ভাবে লড়ছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের ভোটের ফল প্রকাশ করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে।বাংলাদেশের নির্বাচন কমিশনার মহম্মদ আনোয়ারুল ইসলাম সরকার আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এ বারের ভোটগণনায় বেশি সময় লাগতে পারে। তার কারণ অবশ্যই সাধারণ নির্বাচনের সঙ্গে গণভোট। এর আগেও বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে। তবে সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট এই প্রথম। প্রাথমিক ভাবে কমিশন জানিয়েছে, ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ, শুক্রবার সকালেই গণনা সম্পন্ন হবে এবং ভোটের ফল জানা যাবে।








