
নতুন বছরে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে দারুণ পারফরম্যান্সের পর লা লিগায় ফিরে আবারও ছন্দ হারিয়ে ফেলল বার্সেলোনা। টেবিলের নিচের দিকের দল গেতাফের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও তারা ধরে রাখতে পারল না ব্যবধান।
পয়েন্ট হারাল আরেকটি ম্যাচে।বছরে নিজেদের প্রথম লিগ ম্যাচে প্রতিপক্ষের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।জুল কুন্দে সফরকারীদের এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা টানেন মাউরো আরামবারি। লিগে শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতেই পয়েন্ট হারাল হান্সি ফ্লিকের দল; যেখানে তাদের হার চারটি, ড্র তিনটি এবং জয় একটি।চলতি বছরে কোপা দেল রেতে দুই ম্যাচে ৪-০ ও ৫-১ গোলের জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে বার্সেলোনা। এর মাঝে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওকে ২-০ ও ফাইনালে রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে সিজনে প্রথম চ্যাম্পিয়নশিপর স্বাদ পায় তারা। কিন্ত লিগে ব্যর্থতার খোলসেই বন্দি রইল কাতালান দলটি।দিনের শুরুতে লেগানেসের বিপক্ষে টেবিলের শীর্ষ দল আতলেতিকো মাদ্রিদ ১-০ গোলে হেরে যাওয়ায় বার্সেলোনার সামনে সুযোগ এসেছিল ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে আনার। কিন্তু পারল না তারা।
২০ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে আতলেতিকোর পয়েন্ট ৪৪।









