
বাইরে প্রচণ্ড গরম আর রোদে যারা কাজ করেন, তাদের ডিহাইড্রেশনের ঝুঁকি থাকে,এটা আমরা সবাই জানি। কিন্তু, সারাদিন এসির ঠাণ্ডা পরিবেশে বসে থেকেও আপনি একই ঝুঁকির মুখে পড়তে পারেন? বিশেষজ্ঞরা বলছেন, এসিতে থাকা মানেই শরীর নিরাপদ নয়, বরং না বুঝেই অনেকে জলশূন্যতায় ভোগেন।
এসির ঠাণ্ডায় ঘাম হয় না বলে আমাদের শরীর তৃষ্ণার সংকেত খুব একটা দেয় না। রোদে থাকলে মানুষ তেষ্টা মেটাতে বারবার জল পান করেন, কিন্তু এসিতে বসে থাকলে তৃষ্ণা অনুভব না করায় দীর্ঘক্ষণ জল খাওয়া হয় না।ফলে শরীর ধীরে ধীরে ভেতর থেকে শুকিয়ে যেতে থাকে। এর লক্ষণ হলো , হালকা মাথাব্যথা বা মাথা ভার হয়ে থাকা।বিকেলের দিকে অতিরিক্ত ক্লান্তি অনুভব করা। কাজে মনোযোগ কমে যাওয়া।ঠোঁট ও ত্বক খসখসে হয়ে যাওয়া।এদিকে,অফিসে কাজের ফাঁকে বারবার চা বা কফি খাওয়ার অভ্যাস হাইড্রেশনের বদলে শরীরের উল্টো ক্ষতি করে। চা-কফি শরীরের জলশূন্যতা পূরণ করতে পারে না। এ ছাড়া একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে বসে থাকলে তৃষ্ণার বোধ আরো কমে যায়।দীর্ঘদিন এভাবে কম জল পান করলে সরাসরি কিডনির ওপর প্রভাব পড়ে।এতে প্রস্রাবে সংক্রমণ বা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়।এই সমস্যা থেকে বাঁচা খুব সহজ। আপনার ডেস্কে সবসময় জলের বোতল রাখুন। তৃষ্ণা না পেলেও নিয়ম করে জল পান করুন।
প্রয়োজনে ফোনে রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন। এ ছাড়া শুধু চা-কফির ওপর নির্ভর না করে মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করার অভ্যাস গড়ে তুলুন।






