
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে এবার একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিয়েছে বাংলা। সূত্রের খবর, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে বাংলাও।
এশীয়-ভারতীয় ভাষাগুলির মধ্যে বাংলাই প্রথম ছাপা হয়েছে নিউ ইয়র্কের ব্যালট পেপারে।মঙ্গলবার আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। মূলত দ্বিমুখী এই প্রতিদ্বন্দ্বিতায় লড়াই ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। তবে আমেরিকার সব প্রদেশেই আগাম ভোট দেওয়ার সুযোগ রয়েছে, যাকে বলা হয়ে থাকে আর্লি ভোটিং। নিউ ইয়র্কের ভোটারেরা আগাম ভোট দিতে গিয়ে দেখেন ব্যালট পেপারে প্রার্থী এবং দলের নাম বাংলাতেও লেখা রয়েছে।নিউ ইয়র্কে বাংলাভাষী বহু মানুষের বাস। যাদের সিংহভাগ বাংলাদেশি বংশোদ্ভূত। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এই প্রদেশে এক লাখেরও বেশি বাংলাভাষী মানুষ বসবাস করেন।
নিউ ইয়র্কে বাঙালিদের বসবাস মূলত ব্রুকলিন, কুইনস এবং ব্রঙ্কসে।সামগ্রিকভাবে গোটা আমেরিকায় ভোটাধিকার প্রয়োগ করতে পারেন লক্ষাধিক বাঙালি।
ছবি সৌজন্যে : এক্স









