
প্রায় ২৬ হাজার চাকরি বাতিল মামলায় যারা অযোগ্য বা টেন্টেড তাদের বেতন ফিরত দিতে হবে, এই নির্দেশই দিয়েছিল সুপ্রিম কোর্ট।
সেই নির্দেশ কার্যকর না হওয়ায় প্রশ্ন তুলে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে একদিনের সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে। উচ্চ আদালতের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চে আদালত অবমাননার মামলা করা হয়েছিল। সেই মামলাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ সুপ্রিম নির্দেশ কার্যকর করতে রাজ্য সরকারের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। বরং বেতনের তালিকায় এখনও অযোগ্যদের নাম রয়েছে। এছাড়া, এসএসসিকে উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশ করতেও বলেছিল আদালত। অভিযোগ তাও করা হয়নি। পর্ষদের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, দাগিদের বেতন দিলে তো সমস্যা হবে। আদালতের পর্যবেক্ষণ, চাকরি বাতিলের মামলায় হাইকোর্টে যে সমস্ত নির্দেশ সুপ্রিম কোর্ট পরিবর্তন করেছে তাতে হস্তক্ষেপ করা হচ্ছে না।
কিন্তু বাকি নির্দেশ কেন কার্যকর করা হয়নি। প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ।








