
মধ্যপ্রদেশে ১৯ জন শিশুর মৃত্যুর ঘটনায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা কাফ সিরাপ কোল্ডরিফ-এ এমন উপাদান রয়েছে যা ৪ বছরের কম বয়সের শিশুদের ক্ষেত্রে ব্যবহার নিষিদ্ধ। সম্প্রতি একটি রিপোর্টে উঠে আসা ২০২৩ সালের এক সরকারি নির্দেশে এই তথ্য মিলেছে।
কোল্ডরিফ সাধারণত শিশুদের সর্দি-কাশির লক্ষণ যেমন নাক দিয়ে জল পড়া, হাঁচি, গলা ব্যথা এবং চোখ জ্বালা কমানোর ওষুধ হিসেবে দেওয়া হয়। এই সিরাপে থাকে তিনটি প্রধান উপাদান, ক্লোরফেনিরামিন ম্যালিয়েট, প্যারাসিটামল এবং ফেনাইলেস্ক্রিন। কেন্দ্রীয় সরকারের ২০২৩ সালের ১৮ ডিসেম্বরের এক নির্দেশে বলা হয়েছিল, ক্লোরফেনিরামিন ম্যালিয়েট ও ফেনাইলেস্ক্রিন এইচসিএল এর ফিক্সড ডোজ কম্বিনেশন ৪ বছরের নীচের শিশুদের ক্ষেত্রে একেবারেই ব্যবহার করা যাবে না। এই নির্দেশটি জারি করেছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন।
এতে স্বাক্ষর করেছিলেন ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ডা. রাজীব সিং রঘুবংশী। নির্দেশে বলা হয়েছিল, সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে সিরাপের বোতল, লেবেল এবং প্যাকেজ ইনসার্টে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, এই ওষুধ ৪ বছরের নীচের শিশুদের জন্য প্রেস্ক্রাইব করা যাবে না। তবে দেখা গেছে, বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই নির্দেশ মানেনি। ওষুধের লেবেলে কোনও সতর্কতা লেখা হয়নি।








