
প্রশিক্ষণ নিতে ৫০ বাংলাদেশি বিচারকের ভারতে আসা বাতিল করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। রবিবার আইন ও বিচার বিভাগের উপসচিব ড. আবুল হাসানাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
জানা গিয়েছে, ভারতের ভোপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি ও স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণের জন্য বাংলাদেশের নিম্ন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে ভারতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল বাংলাদেশের আইনমন্ত্রক। কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশে তা বাতিল করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মনোনীত করা হয়েছিল।
প্রশিক্ষণের যাবতীয় ব্যয়ভার ভারত সরকার বহন করবে বলে জানানো হয়েছিল। কিন্তু প্রশিক্ষণ নিতে ৫০ বাংলাদেশি বিচারকের ভারতে আসা বাতিল করে দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট।






