
আকাশ মেঘলা। টিপটিপ বৃষ্টি শুরু হয়েছে। কোথাও কোথাও আবার বৃষ্টির পরিমাণ বেশি।
বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। সেই সঙ্গে দমকা হাওয়া। শুক্রবার সকালে এমন আবহাওয়াতেই ঘুম ভেঙেছে দিল্লির। শুধু দিল্লি নয়, তার পার্শ্ববর্তী অঞ্চলেও একই ছবি। আবহাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, শুক্রবার দিনভর মেঘলা আবহাওয়াই থাকবে দিল্লিতে। বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে। অন্যদিকে, শুক্রবার সকাল সকাল বরফের সাদা চাদরে ঢেকেছে কাশ্মীর। গুলমার্গের স্কি-রিসর্ট-সহ বেশ কয়েকটি জায়গায় নতুন করে তুষারপাত হয়েছে। শ্রীনগর-সহ সমতলে হাওয়া বইছে তীব্র গতিতে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই উত্তর কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গে বরফ পড়তে শুরু করে। শুধু কাশ্মীর নয়, হিমাচলপ্রদেশের মানালিতেও নতুন করে তুষারপাত দেখা গিয়েছে।









