
ইন্টারনেটের গতির সঙ্গে পাল্লা দিতে দিতে থেমে গিয়েছে কাগুজে আবেগ। বিশ্বের প্রথম দেশ হিসাবে ডাকযোগে চিঠি পাঠানোর পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ডেনমার্ক।
এই বছরের শেষেই শেষ চিঠি পৌঁছে দিয়েছে তারা। ডেনমার্কের প্রাচীনতম সরকারি পরিষেবাগুলির মধ্যে একটি ছিল ডাকযোগে চিঠি পাঠানোর ব্যবস্থা। ১৬২৪ সালে চালু হয় এই ব্যবস্থা। মঙ্গলবার ডেনমার্কের রাষ্ট্রায়ত্ত সংস্থা পোস্টনর্ড জানিয়ে দিয়েছে, ৪০১ বছর পর চিঠি বিতরণ বন্ধ করেছে তারা। কারণ, ডেনমার্কের জনগণ ডিজিটাল যোগাযোগের উপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছেন যে, ডাকব্যবস্থার আর প্রয়োজন নেই। অতএব বিদায়। সে দেশের সংবাদমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবারই শেষ চিঠি পাঠিয়ে ডাকব্যবস্থার ইতি ঘটিয়েছে ডেনমার্ক।
পোস্টনর্ড একটি বিবৃতিতে বলেছে, টুকটাক পার্সেল ডেলিভারি ছাড়া ডাকব্যবস্থার উপর আর নির্ভরশীল নন নাগরিকেরা। তাঁরা আর প্রিয়জনকে চিঠি লেখেন না। অফিস-কাছারির চিঠিপত্রও এখন একান্ত ভাবে ইন্টারনেট ব্যবস্থার উপর নির্ভরশীল।






