
কোর্টের নির্দেশ মেনে প্রথমবার স্বরূপ বিশ্বাসের বৈঠক করেছেন মামলাকারী পরিচালকরা। ফেডারেশন বনাম ডিরেক্টর্স গিল্ডের সংঘাতে টালিগঞ্জের বেশ কয়েকজন পরিচালকের শ্যুট বাধাপ্রাপ্ত হওয়ার খবর মিলেছিল।
যার জেরে পরিচালকদের একাংশ আদালতের দ্বারস্থও হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন পরিচালক, প্রযোজকদের কাজে যেন বাধা দেওয়া না হয় সেটা নিশ্চিত করতে হবে তথ্য সংস্কৃতি দফতরের সচিবকে। এবার সেই রায় মেনেই শুক্রবার রবীন্দ্রসদনে বৈঠকে বসে দুই পক্ষ। উপস্থিত ছিলেন মামলকারী ১৩ জন পরিচালক এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস ও তথ্য ও সম্প্রচার দফতরের সচিব শান্তনু বসু ঠাকুর। বৈঠকের পর সংবাদমাধ্যমকে স্বরূপ বিশ্বাস জানিয়েছেন ইন্ডাস্ট্রি অনেকগুলো ভাগে বিভক্ত। বিভিন্ন কাজের মধ্যে শিল্পী, পরিচালক ও কলাকশলীরা নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। বৈঠকে সেই সমস্যাই বোঝার চেষ্টা হয়েছে। অন্যদিকে পরিচালক-অভিনেতাদের তরফে অরিন্দম শীল, পরমব্রত চট্টোপাধ্যায়রা বলেছেন এই বৈঠক হওয়াটাই তাঁদের কাছে অত্যন্ত ইতিবাচক ও সদর্থক দিক।
আগামী দিনে যদি তথ্য ও সম্প্রচার মন্ত্রক ও ফেডারেশন মনে করে তাহলে ফের বৈঠক হবে।








