
ভোট পরবর্তী হিংসা জেলায় জেলায়। ফলতায় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি হুমকি দেওয়ার অভিযোগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার নেতৃত্বে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপির কর্মী সমর্থকরা।
এদিকে মালদার রতুয়ার মহানন্দাটোলার উত্তর বালুপুরে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রতুয়ার বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডলের রাস্তা আটকে ইট দিয়ে মারধর করে তৃণমূল কর্মীরা। জখম অবস্থায় মণ্ডল সভাপতি মহানন্দকে ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজে। পরে ঘটনাস্থলে যান বিজেপির উত্তর মালদহের সভাপতি খগেন মুর্মু। ভোটের আগে থেকেই মহানন্দকে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
এদিকে মুর্শিদাবাদের ইসলামপুর থানার লোচনপুরে সিপিএম এজেন্ট রুহুল আমিনকে তৃণমূল অঞ্চল সভাপতির নেতৃত্বে একদল তৃণমূল নেতা চায়ের দোকানে মারধর করে বলে অভিযোগ। পুলিশে অভিযোগ জানানোর পরও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। পরে রানিনগরের সিপিএম প্রার্থী জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন।









