
বহুদিন ধরেই বক্স অফিসে করণ জোহর ম্যাজিক ফিকে, তেইশ সালে তারকাখচিত রকি অউর রানি সিনেমার সুবাদে ১৪ বছর বাদে যদিও আশার আলো জাগিয়েছিলেন, তবে পরবর্তীতে যে ধর্মা প্রোডাকশন ফের মুখ থুবড়ে পড়েছে, তা বললেও অত্যুক্তি হয় না। বলিপাড়ার খবর, এই মুহূর্তে করণ জোহরের প্রযোজনা সংস্থার মন্দা বাজার চলছে।
একের পর এক ছবিতে তারকাদের গগনচুম্বী পারিশ্রমিক আর বক্স অফিসে ভাঁটার জেরে বড়সড় লোকসানের মধ্য দিয়ে যাচ্ছেন প্রযোজক করণ। এমন আবহে অনন্যা পাণ্ডে, কার্তিক আরিয়ানের রোম্যান্স দেখিয়ে ঘুড়ে দাঁড়াতে চেয়েছিলেন বটে, কিন্তু তাতেও লাভ হয়নি। বরং বক্স অফিসে ওই সিনেমার ভরাডুবির পাশাপাশি করণের ধর্মা প্রোডাকশনও বিশ বাঁও জলে। এবার কেরিয়ার চাঙ্গা করতে নয়া স্ট্র্যাটেজি করণ জোহরের।হিন্দি সিনেদুনিয়ার পর্দায় যে বর্তমানে পুরনো সব হিট-ব্লকবাস্টার সিনেমা ফিরছে, সেটা রি-রিলিজ ট্রেন্ড দেখেই বেশ বোঝা যায়।এবার করণ জোহরও সেই টনিকে’ই কেরিয়ার চাঙ্গা করার মন্ত্র খুঁজে পেয়েছেন। খবর, প্রযোজক-পরিচালক এবার শাহরুখ খান, রানি মুখোপাধ্যায় অভিনীত সুপারহিট ছবিকে সিরিজের আকারে আনতে চলেছেন।
জানা যাচ্ছে, ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত কভি আলবিদা না কহে না ছবিটিকে এবার সিরিজের আদলে নতুন মোড়কে দর্শক-অনুরাগীদের উপহার দিতে চলেছেন করণ। এই সিনেমায় বিবাহ-বহির্ভূত সম্পর্ক এবং অসুখী দাম্পত্যের মতো বাস্তবজীবনের একগুচ্ছ বিষয় ফিল্মি স্টাইলে তুলে ধরেছিলেন তিনি।সিনেমার দৈর্ঘ্য নিয়েও সেসময়ে বেশ আলোচনা হয়েছিল।









