
সাখাওয়াত মেমোরিয়ালে টানা ৪ ঘণ্টা কাটিয়ে বাইরে বেরিয়েই গুজরাটি যুবকের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইভিএমে কারচুপি হতে পারে বৃহস্পতিবার ভিডিও বার্তার পর নিজেই পৌঁছে গিয়েছিলেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে।
বাইরে তখন বিক্ষোভ চলে বিজেপির। টানা ৪ ঘণ্টা পর স্ট্রং রুম থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এক গুজরাটি যুবকের গতিবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন গণনাকেন্দ্রের বাইরের এলাকা ঝগড়ার জায়গা নয়। যে যুবক স্লোগান দিয়েছেন, চেঁচামেচি করেছেন তিনি গুজরাট থেকে এসেছেন। এই এলাকার ভোটারও নন। হুঁশিয়ারি দিয়ে বলেছেন এটা তাঁর জায়গা। চাইলে ১০ হাজার লোক জড়ো করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পর জানা যায় ওই যুবকের নাম দীপ প্রজাপতি।
তিনি নিজেই জানিয়েছেন এটা ভারত। তিনি এই দেশেরই নাগরিক। যেখানে খুশি যেতে পারেন। এরাজ্যে তাঁর আত্মীয়র বাড়িতে এসেছেন বেড়াতে। পশ্চিমবঙ্গের অবস্থা সম্পর্কে তিনি ভাল করেই জানেন। পরিস্থিতি দেখে প্রতিবাদ করেছেন।









