
আস্থাভোটে হেরে পদত্যাগ করতে চলেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মাইকেল বার্নিয়ের। তিন মাস আগে ভোটে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। কিন্তু বাজেট বরাদ্দ নিয়ে বিরোধী দলগুলির তোপের মুখে পড়তে হয়েছে তাঁকে।
ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বামপন্থী এবং অতি দক্ষিণপন্থী সদস্যেরা একজোট হয়ে বার্নিয়েরের বিরুদ্ধে ভোট দিয়েছে। বিদায়ী ফরাসি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ৩৩১ জন সদস্য। ফরাসি সংবাদমাধ্যম সূত্রে খবর, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বার্নিয়ের। ১৯৬২ সালের পর ফ্রান্সে আর কোনও প্রধানমন্ত্রী কিংবা তাঁর পরিচালিত মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়নি। বার্নিয়ের এবং তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যেরা পদত্যাগ করায় ফ্রান্সে রাজনৈতিক এবং প্রশাসনিক সঙ্কট ঘনীভূত হল বলেই মনে করা হচ্ছে। জুলাই মাসের আগে ফ্রান্সে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে দেশে বাজেট বরাদ্দ এবং অন্য প্রশাসনিক কাজ কী ভাবে হবে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে ফরাসি সংবাদমাধ্যমের একাংশের দাবি, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সপ্তাহের শেষে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন।
আর এক অংশের দাবি, আপাতত বার্নিয়েরকেই তদারকি সরকারের প্রধানমন্ত্রী হিসাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিতে পারেন।









