
বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে সোনার দাম। আউন্সপ্রতি বেড়ে সোনার দাম তিন হাজার ৫০০ ডলার অতিক্রম করেছে। বলা হয়েছে মার্কিন ডলারের দুর্বলতা ও চলতি সেপ্টেম্বর মাসে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমাবে,এই প্রত্যাশা থেকে সোনার প্রতি আকর্ষণ বেড়েছে বিনিয়োগকারীদের।
এ কারণেই সোনার দাম বেড়েছে।২ সেপ্টেম্বর বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম বেড়ে তিন হাজার ৫০৮ দশমিক ৫০ মার্কিন ডলারে ওঠে। উল্লেখ্য চলতি বছর এখন পর্যন্ত সোনার দাম ৩০ শতাংশের বেশি বেড়েছে।আর্থিক বাজার বিশ্লেষকরা বলছেন, দুর্বল অর্থনৈতিক পরিপ্রেক্ষিত ও আমেরিকার সুদহার কমানোর সম্ভাবনা সোনাসহ মূল্যবান ধাতুর বাজার চাঙা করে তুলছে। তার ভাষায়, আরেকটি কারণ হচ্ছে, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ, তথা ফেডের স্বাধীনতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ডলারভিত্তিক সম্পদে আস্থার সংকট তৈরি হয়েছে। বলা হয়েছে,মাসের পর মাস ধরে ট্রাম্প ফেড ও এর চেয়ারম্যান জেরোম পাওয়েলের সমালোচনা করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের মূল অভিযোগ,পাওয়েল সুদহার কমাচ্ছেন না। সম্প্রতি তিনি আবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়াশিংটন সদর দফতরের ব্যয়বহুল সংস্কারকাজ নিয়েও পাওয়েলের সমালোচনা করেন।
এদিকে আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে বলেছেন, ফেড স্বাধীন প্রতিষ্ঠান ছিল এবং থাকা উচিতও। কিন্তু ফেড অনেক ভুল করেছে। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ নিয়ে দাবি করেছেন, বন্ধকির বিষয় নিয়ে জালিয়াতির অভিযোগে ফেড গভর্নর লিসা কুককে বরখাস্ত করার অধিকার প্রেসিডেন্টের রয়েছে।









