
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ওমানের রাজধানী মাসকটে রবিবার থেকে শুরু হয়েছে ভারত মহাসাগরীয় সম্মেলন।
সম্মেলন শুরুর দিকেই মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টার সঙ্গে বৈঠক সেরে নিয়েছেন এস জয়শঙ্কর। বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিদেশমন্ত্রী লিখেছেন, আলোচনায় গুরুত্ব পেয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক। পাশাপাশি বঙ্গোপসাগরীয় অঞ্চলের সপ্তদেশীয় মঞ্চ বিমসটেক নিয়েও আলোচনা হয়েছে উভয়ের।সংবাদমাধ্যম সূত্রে খবর, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে যেসব চ্যালেঞ্জ দেখা দিয়েছে, সেগুলি মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন শুরু হয়।
কখনও বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার প্রসঙ্গে, কখনও ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে ভারত।






