
সকাল থেকে যোগ্য চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির পর অবশেষে সন্ধ্যেবেলা নবান্নে নয়, শিবপুর পুলিশ লাইন্স-এ যোগ্য চাকরিহারা ও মুখ্যসচিবের বৈঠকেও অধরা রয়ে গিয়েছে রফাসূত্র।
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-র ১০ মিনিটের বৈঠকে খুব একটা লাভজনক হল না চাকরিহারাদের জন্য। তাঁদের দাবি, মুখ্যসচিব প্রশ্নের উত্তর দিতে না পেরে দশ মিনিটেই পালিয়ে গিয়েছেন। অন্যদিকে, রাতের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করার ডেডলাইন বেঁধে দিয়েছেন তাঁরা। যোগ্য চাকরিহারাদের একজন বলেন, তালিকা প্রকাশ করা না হলে রাস্তা ছাড়বেন না। তাঁরা খবর পেয়েছেন সরকারি আইনজীবীর সঙ্গে অযোগ্যদের বৈঠক করানো হচ্ছে।
অথচ যোগ্য’দের সঙ্গে কোনও বৈঠক আলোচনা হয়নি। তাঁর কথায়, টাকা দিয়ে চাকরি পেলে তাঁরা আপন ছেলে আর যোগ্যরা বানের জলে ভেসে এসেছে!আজকের মধ্যে তাঁদের দাবি না মানলে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন বলেও জানিয়েছেন চাকরিহারারা।








