
বাকুড়ার বিষ্ণপুরের জঙ্গলে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হতেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে। বৃহস্পতিবার গভীর রাতে বিষয়টি সামনে আসে।
খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা রাতেই ওই মৃত চিতাবাঘটিকে বাঁকাদহ রেঞ্জে নিয়ে আসেন। কিন্তু কীভাবে ও কোথা থেকে এল চিতাবাঘটি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীদের মনে। ওই এলাকায় হাতির যাতায়াত থাকলেও চিতাবাঘ এর আগে এলাকায় দেখা যায়নি। তাই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাঁকাদহ-জয়রামবাটির রাস্তা পারাপারের সময়ে কোনও গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে বলে বনকর্মীরা মনে করছেন। কিন্তু ওই এলাকায় চিতাবাঘরে উপস্থিতি নিয়ে চিন্তায় বনকর্মীরা।
আরও চিতাবাঘ এলাকায় রয়েছে কিনা খতিয়ে দেখা হবে বনদফতরের তরফে। এমনটাই জানা গিয়েছে।









