
দেশের বার্ষিক জন্মহার বৃদ্ধি এবং বিয়ে, প্রেম, সন্তান জন্মদান, পরিবার গঠন প্রভৃতি ইস্যুতে তরুণ প্রজন্মের মনে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয়গুলোতে লাভ এডুকেশন চালু করার নির্দেশ দিয়েছে চীনের কমিউনিস্ট সরকার।
চীনের রাষ্ট্রায়ত্ত দৈনিক জিয়াংসু সিনহুয়া জানিয়েছে এ তথ্য। সরকারকে উদ্বৃত করে বলা হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিয়মিত শিক্ষা কার্যক্রমে লাভ এডুকেশনকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়েছে। এই এডুকেশনের আওতায় যে কোর্সগুলো পড়ানো হবে, সেগুলোর প্রধান এবং একমাত্র লক্ষ্য থাকবে তরুণ প্রজন্মের মধ্যে বিয়ে এবং দাম্পত্য প্রেম সম্পর্কে ইতিবাচক মনোভাব ফিরিয়ে আনা।মূলত স্নাতক শিক্ষার্থীদের জন্য চালু করতে বলা হয়েছে এই কোর্স। রিপোর্টে বলা হয়েছে, কলেজের জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে জনসংখ্যা এবং চীনের বর্তমান পরিস্থিতিতে কেন প্রেম-বিয়ে এবং সন্তান জন্মদান জরুরি, এ বিষয়ে ধারণা তৈরি করতে পারে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
আর, সিনিয়র বা,স্নাতক শিক্ষার্থীদের নিয়মিত কেসস্টাডি বিশ্লেষণ, গ্রুপ ডিসকাশন এবং মহিলা ও পুরুষ শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছে সরকার।






