
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে বঙ্কিম দা বিতর্ক উস্কে বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মণীষীদের নাম বিকৃত করার অভিযোগ তুলে নাম না করে বিজেপিকে আক্রমণ করেছেন।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি লিখেছেন বঙ্কিমচন্দ্রের মত বাংলার মনীষীদের নাম নিয়েও বিকৃতি করা হচ্ছে। যারা বাংলার ইতিহাস জানে না, তারাই এমন করার ধৃষ্টতা দেখায়। ৮ ডিসেম্বর লোকসভায় বন্দে মাতরম নিয়ে বলতে উঠে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিষয়টি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় সরকারি অনুষ্ঠানে এবার থেকে জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়ার আগে গাইতে হবে জাতীয় গান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বাংলার মনীষীরা বাংলার গর্ব। বাংলার ঐতিহ্য এভাবে অপমান মানুষ মেনে নেবে না। যোগ্য জবাব দেবে।






