
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনও ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে। বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলকে ৪-১ গোলে হারানোর ফলে তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৯১।বর্তমানে লিওনেল মেসিদের পয়েন্ট ১৮৮৬.১৬। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ১৭৭৬.০৩ পয়েন্টে ৫ নম্বরে আছে।আর্জেন্টিনার পরে আছে স্পেন, যারা ফ্রান্সকে তিনে ঠেলে দিয়ে দু’ নম্বরে উঠে এসেছে।
ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে, আর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল আছে পঞ্চম স্থানে।এদিকে ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর ফিফা র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শেষ র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশ দু’ ধাপ এগিয়ে ১৮৩তম স্থানে উঠে এসেছে।
২০২৪ সালের ফেব্রুয়ারির পর এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। বাংলাদেশের র্যাঙ্কিং অগ্রগতির দিনে এক ধাপ পিছিয়েছে ভারত। সুনীল ছেত্রীদের দল এখন রয়েছে ১২৭ নম্বরে।









