
খলিস্তানপন্থী সংগঠন শিখস ফর জাস্টিস-র উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে নরেন্দ্র মোদী সরকার।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে। ২০১৯ সালের ১০ জুলাই এসএফজে-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্র। জানিয়েছিল, ভারতের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার জন্য বড়সড় হুঁশিয়ারি এই সংগঠন।
সেই মেয়াদ শেষের ঠিক আগেই মঙ্গলবার আরও পুরো পাঁচ বছরের জন্য তা বাড়ানো হল। এসএফজে –র প্রধান, খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং ওরফে পান্নুনকে সম্প্রতি খুনের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল ভারতের বিরুদ্ধে। আমেরিকা, কানাডা, ব্রিটেন-সহ কয়েকটি দেশে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন এসএফজে চায় পাঞ্জাবের মধ্যে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র গড়তে। ২০২০ সালে সংগঠনের নেতা পান্নুনকে জঙ্গি ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলকে রেড কর্নার নোটিস জারি করার অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু তার পরেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের মদতে সে দেশে বসে পান্নুন ধারাবাহিক ভাবে ভারত বিদ্বেষী প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ এনআইএ-র।









