
লোকসভা ভোট পর্ব শেষ হতেই বুধবার ফের রাজ্যের ৪ কেন্দ্রের উপনির্বাচন। ৪ কেন্দ্রে কোনওরকম অশান্তি রুখতে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন।
আগে ৫৫ কোম্পানি বাহিনীর কথা বলা হলেও পরে তা বাড়ানো হয়। কলকাতায় মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা, নদিয়ার রানাঘাট দক্ষিণ এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডের মৃত্যুর কারণে নির্বাচন হচ্ছে। রায়গঞ্জে বিজেপির টিকিটে ২০২১-র বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরে তৃণমূলে যোগ দেন কৃষ্ণকল্যাণী। লোকসভা ভোটে রাযগঞ্জে পরাজিত হন তিনি। বাগদা আর রানাঘাট দক্ষিণ বিধানসভাতেও বিজেপির টিকিটে ২০২১-র নির্বাচনে জয়ী হয়ে তৃণমূলে যোগ দিয়ে এবারের লোকসভা ভোটে তৃণমূলের হয়ে নির্বাচনে লড়েছিলেন বিশ্বজিৎ দাস এবং মুকুটমণি অধিকারী। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও মালিকতাড় তৃণমূল, বিজেপি, বাম-কংগ্রেস জোটের মধ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে। অন্যদিকে বাগদায় বাম-কংগ্রেস জোটে জট তৈরি হয়েছে। ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস আলাদাভাবে প্রার্থী দেওয়ায় চর্তুমুখী লড়াই হচ্ছে বাগদায়। ৪ কেন্দ্রের উপনির্বাচনে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদায় কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হয়েছে এবং মানিকতলা কেন্দ্রে ১৫ কোম্পানি, রায়গঞ্জে ১৬, রানাঘাট দক্ষিণে ১৯ কোম্পানি এবং বাগদায় ২০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকছে। কমিশন সূত্রে খবর ৪ কেন্দ্রে ১৪২টি বুথ স্পর্শকাতর। এরমধ্যে রানাঘাট দক্ষিণে ৬২টি। বাগদায় ৩৯, মানিকতলায় ২১ এবং রায়গঞ্জে ২০টি স্পর্শকাতর বুথ রয়েছে।









