
এবার সিএএ শংসাপত্র পাচ্ছেন পশ্চিমবঙ্গের আবেদনকারীরা।শেষ দফার ভোটের আগে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সিএএ সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত কমিটি সিএএ আইন অনুযায়ী শংসাপত্র বিলির কাজ শুরু করেছে। তাৎপর্যপূর্ণ ভাবে তাতে উত্তর ভারতের হরিয়ানা এবং উত্তরাখণ্ডের পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গের নামও।লোকসভা ভোটের চতুর্থ দফার পরে ১৫ মে প্রথম বার ৩০০ জন সিএএ আবেদনকারীকে শংসাপত্র বিলি করেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লা স্বয়ং দিল্লিতে ১৪ জন আবেদনকারীর হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দিয়েছিলেন।দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৯ সালের ১১ ডিসেম্বর সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। ওই আইন অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি অত্যাচারের কারণে ভারতে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন, তাঁরা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএ-তে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র।









