
প্রায় এক মাস হতে চলল ইরানের সর্বোচ্চ নেতার আসনে বসেছেন মোজতবা খামেনি। কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত একবারের জন্যও তাঁকে জনসমক্ষে দেখা যায়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর বেশ কিছু বিবৃতি পড়ে শোনানো হলেও তাঁর দীর্ঘ অনুপস্থিতি বিশ্বজুড়ে নানা জল্পনা আর গুজবের জন্ম দিয়েছে।
বিশেষ করে তাঁর শারীরিক অবস্থা এবং অবস্থান নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। তবে সমস্ত জল্পনায় জল ঢেলে এবার মুখ খুলেছেন ইরানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সি দেদোভ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মোজতবা খামেনি বর্তমানে ইরানেই অবস্থান করছেন। দেদোভের দাবি, সংগত কারণেই তিনি আপাতত জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন।উল্লেখ্য,২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
এর পরপরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, ওই হামলায় মোজতবা নিজেও গুরুতর আহত বা বিকৃত হয়েছেন। এমনকি দাবি করা হয়েছিল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোপনে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে সর্বোচ্চ নেতার অনুপস্থিতি সত্ত্বেও ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর প্রভাব বা জনসমর্থনে কোনো ভাটা পড়েনি। গত এক মাসে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নতুন নেতার প্রতি তাঁদের আনুগত্য প্রকাশ করেছেন। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলার পর এই আনুগত্য আরও প্রকট হয়েছে।









