
নৌসেনার সদর দফতর থেকে গোপন নথি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার হ্যান্ডলার-এর সঙ্গে যোগাযোগ রেখে পাচারের অভিযোগে এক নৌসেনা কর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দারা। রাজস্থানের সিআইডির নজরদারির ভিত্তিতে ধরা পড়েছে ওই যুবক। ধৃতের নাম বিশাল যাদব। তিনি দিল্লির নৌসেনা সদর দফতরের একজন ক্লার্ক।
বাড়ি হরিয়ানায়। একাধিকবার নৌসেনা ও অন্যান্য প্রতিরক্ষা সংস্থার গোপন তথ্য পাচার করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। রাজস্থানের পুলিশ আধিকারিক বিষ্ণুকান্ত গুপ্ত জানিয়েছেন, পাকিস্তানের গুপ্তচর সংস্থাগুলি কীভাবে ভারতে নেটওয়ার্ক গড়ে তুলছে, তা দীর্ঘদিন ধরেই নজরে রেখেছিল রাজস্থানের সিআইডি। সেই সময়ই নজরে আসে বিশাল যাদবের নাম। তদন্তে উঠে আসে, তিনি প্রিয়া শর্মা নামে এক পাকিস্তানি মহিলা হ্যান্ডলার-র সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলছিলেন। তদন্তকারীরা জানান, সেই মহিলা নিজেকে ভারতীয় বলে পরিচয় দিলেও তিনি পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতেন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশালের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং ধীরে ধীরে তাঁর থেকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য বার করে আনতে শুরু করেন। বিনিময়ে বিশালকে পাঠাতেন মোটা অঙ্কের টাকা। অর্থ পাঠানো হত কখনও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, কখনও বা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।বর্তমানে বিশালকে জেরা করছে একাধিক গোয়েন্দা সংস্থা। ঠিক কতদিন ধরে এই তথ্য পাচার চলছিল, আর কে কে এই চক্রে যুক্ত ছিল, তা জানার চেষ্টা চলছে।









