
শনিবারই প্রকাশিত হতে চলেছে ডাক্তারির স্নাতকস্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফলাফল।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ওই ফল প্রকাশের কিছু শর্তও বেঁধে দিয়েছেন। প্রশ্নফাঁস-সহ নানা অনিয়মের অভিযোগে বিতর্কের কেন্দ্রে চলে আসা নিট ইউজি ২০২৪ নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, প্রশ্ন ফাঁস যে হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু যা বোঝা যাচ্ছে, এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ। সর্বত্র হয়নি। তাই পরীক্ষা বাতিল করার প্রশ্নই ওঠে না। তবে তদন্ত চলবে। একই সঙ্গে বিচারপতি ২৪ ঘণ্টার মধ্যে নিটের ফল প্রকাশ করতে বলেন প্রথমে। কিন্তু শেষ মুহূর্তে নিট পরিচালনকারী পরিষদ এনটিএ-র অনুরোধে ফলপ্রকাশের তারিখ একদিন পিছিয়ে দেওয়া হয়।বিচারপতি তাঁর নির্দেশে বলেছেন, যেহেতু সমস্ত পরীক্ষা কেন্দ্রে প্রশ্নফাঁসের সমস্য হয়নি, তাই নিটের ফল প্রকাশ করা হবে আলাদা ভাবে প্রতিটি কেন্দ্র ধরে ধরে। যেহেতু নিট মামলার তদন্ত এখনও চলছে, তাই পরীক্ষার্থীদের নাম বা রোল নম্বর কোনওটিই প্রকাশ করা হবে না।তবে নিটের ফল প্রকাশ নিয়ে নির্দেশ দিলেও পরীক্ষার্থীদের কাউন্সেলিং নিয়ে বৃহস্পতিবার কোনও নির্দেশ দেয়নি আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে ২৪ জুলাই নিটের কাউন্সেলিংয়ের বিষয়টি তারা সোমবার শুনবে।









