
এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে রণক্ষেত্রের আকার নিল বসিরহাটের মাটিয়া থানা এলাকার সিথুলিয়া গ্রাম। এরপরেই উত্তেজিত জনতা চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিন্টু মণ্ডলের বাড়িতে ভাঙচুর চালায়।
শুধু তাই নয়, বাড়িতে এবং গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। মৃত ওই যুবকের নাম রিয়াজ মোল্লা। গত পাঁচদিন আগে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান রিয়াজ। একাধিক জায়গায় খোঁজ চালিয়েও তাঁর খোঁজ পাওয়া যায়নি। এরপরেই মাটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন নিখোঁজ যুবকের পরিবার। সেই ঘটনায় তদন্তে নেমে ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এর মধ্যেই সোমবার সিথুলিয়ার একটি আমবাগানের মধ্যে থাকা পরিত্যক্ত ডোবা থেকে রিয়াজের দেহ উদ্ধার করেন স্থানীয় মানুষজন। এরপরেই পরিস্থিতি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে।
অন্যদিকে রিয়াজ মোল্লাকে খুন করা হয়েছে নাকি অন্য কোনও ঘটনা, তা জানতে শুরু তদন্ত শুরু করেছে পুলিশ।









