
দ্বিতীয়বার আমেরিকা – ইরানের মধ্যে শান্তিবৈঠক অনুষ্ঠিত হলেও, তা আর পাকিস্তানে হবে না। আগামী ১৬ এপ্রিল এই বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। তবে কোথায় বৈঠকে বসবেন দুই দেশের প্রতিনিধিরা, তা এখনও জানা যায়নি।
দিনকয়েক আগে ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক নিস্ফলা হয়েছে। যারপর আবারও আলোচনায় বসতে চলেছে আমেরিকা এবং ইরান। আগামী ২১ এপ্রিল শেষ হচ্ছে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ।
শান্তি বৈঠক ব্যর্থ হতেই বিশ্বজুড়ে ফের জ্বালানি সংকট শুরু হয়েছে। এহেন পরিস্থিতিতে আবারও দুই দেশ বৈঠকে বসতে চাইছে বলে সূত্রের খবর। মার্কিন সংবাদসংস্থা সূত্রে খবর, যুদ্ধ পাকাপাকিভাবে থামাতে উঠেপড়ে লেগেছে মধ্যস্থতাকারী দেশগুলি। তারাই চাইছে, ইরান এবং আমেরিকার মধ্যে আবারও আলোচনা হোক। মধ্যস্থতায় অংশ নেওয়া, নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরপেক্ষ দেশের আধিকারিকের কথায়, দ্বিতীয়বার শান্তি বৈঠকে অংশ নেওয়ার জন্য ওয়াশিংটন এবং তেহরান দু’পক্ষই রাজি হয়ে গিয়েছে।









