
রাজ্যের নতুন ওবিসি তালিকায় হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে যখন শুভেন্দু অধিকারীরা লাড্ডু বিলি করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তখন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বলেছেন এটা চূড়ান্ত নির্দেশ নয়।
কিছু নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার তা হাতে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টেও গিয়েছিল। আদালতের নির্দেশ মেনেই কাজ চলছে। সিপিএম, বিজেপি কখনই চায় না ওবিসি সংরক্ষণ হোক। কারণ এটা গরিব মানুষের জন্য। যাঁরা সামাজিকভাবে পিছিয়ে পড়েছেন, এটা তাঁদের জন্য। মুখ্যমন্ত্রীর প্রশ্ন তাঁদের অধিকার কিভাবে কাড়বেন। রাজ্যের তরফে নতুন করে সমীক্ষা করে ওবিসি নিয়ে সম্প্রতি ১৪০টি জনজাতিকে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এনিয়ে হাইকোর্টে জনস্বাথ মামলা দায়ের হয়। সেই বিজ্ঞপ্তিতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা এবং তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন ভিপি সিং প্রধানমন্ত্রী থাকাকালীন যখন ওবিসি সংরক্ষণ তৈরি হয়, তখন বিজেপিও ভিপি সিংয়ের সঙ্গে ছিলেন।
মুখ্যমন্ত্রী বলেছেন এভাবে পিছিয়ে পড়া মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না। I






