
ইমার্জেন্সি ওয়ার্ডে রিল দেখতে ব্যস্ত চিকিৎসক, তাঁর সামনেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রোগিণীর।
এই ঘটনায় হুলুস্থূল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের মৈনপুরী জেলা হাসাতালে। রোগী পরিবারের অভিযোগ, শুধুমাত্র চিকিৎসকের গাফিলতিতে প্রাণ হারিয়েছেন প্রৌঢ়া। একইসঙ্গে রোগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরদ্ধে। জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে প্রবেশ কুমারী নামে এক রোগিণীকে মৈনপুরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। স্ট্রেচারে শুইয়ে রোগীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ১৫ মিনিট কেটে গেলও তিনি চিকিৎসা পাননি অভিযোগ। যদিও চিকিৎসক সামনেই ছিলেন এবং বসে ছিলেন। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসক বসে বসে নার্সদের কয়েকটি নির্দেশ দেন। কিন্তু নিজে উঠে গিয়ে কোনও রোগীকেই দেখবার প্রয়োজন বোধ করেননি। রোগীর এক আত্মীয়ের কথায়, উনি সামনেই একটা চেয়ারে বসেছিলেন। বসে বসে মোবাইলে রিল দেখছিলেন। সেটা এক বার বলতেই ফুঁসে ওঠেন উনি।
অভিযোগ, সেই সময় রোগিণীর ছেলেকে থাপ্পড় মারেন ওই চিকিৎসক। তখন জরুরি বিভাগের মধ্যে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।









