
চাকরি ফেরাতে বিকাশ ভবনে আন্দোলন করে হেনস্থা হতে হচ্ছে পুলিশের হাতে। পুলিশের অতিসক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এমনই অভিযোগ করেছেন আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকরা। অভিযোগ, প্রতিবাদে অংশ নেওয়ায় তাঁদের একের পর এক নোটিস পাঠাচ্ছে পুলিশ।
এই মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, একাধিক শিক্ষক পৃথক পৃথক বা যৌথভাবে নোটিস চ্যালেঞ্জ করে আইনি পদক্ষেপ নিতে পারেন। তাঁর মন্তব্য, শুধু একজনের আবেদনের ভিত্তিতে সকলের কথা শোনা সম্ভব নয়। তবে ১০০ জন একসঙ্গে মামলা করলেও শুনবেন।শিক্ষকদের পক্ষের আইনজীবী রাজদীপ মজুমদার অভিযোগ করেছেন, বোর্ড আদালতের নির্দেশের পরেও শোকজ নোটিস পাঠিয়ে যাচ্ছে। জবাবে বিচারপতি বলেন, তাঁর নির্দেশ অমান্য করে থাকলে, ব্যবস্থা নিতে তিনি বাধ্য হবেন।
এই মামলার পরবর্তী শুনানি আগামী অগাস্ট মাসে হবে বলে জানিয়েছে আদালত। মামলাকারী দুই শিক্ষক চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা সাহার বক্তব্য, তাঁরা অপরাধী নন। শুধু অধিকার চেয়ে বিক্ষোভ করেছিলেন।






