
সপ্তাহে দুঃস্বপ্নের রেল দুর্ঘটনার ধারাবাহিকতা, রেললাইনে মৃত্যুমিছিল কত দিন সহ্য করতে হবে। ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনা নিয়ে ফের কেন্দ্রের এনডিএ সরকারকে তোপ দেগে এমনই প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের উদ্দেশে তাঁর প্রশ্ন, এটাই কি সরকার চালানোর নমুনা? রেলকে নিয়ে সরকারি উদাসীনতা থামবে কবে। মঙ্গলবার সকালে চক্রধরপুরে হাওড়া-মুম্বইগামী সিএসএমটি এক্সপ্রেসের ১৮টি কামড়া লাইনচ্যুত হয়ে গিয়েছে। দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পরেই নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন। তবে পোস্টের শুরুতেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তোপ দেগেছেন তিনি। তিনি লিখেছেন, রেললাইনে এই মৃত্যমিছিল-কবে থামবে? সরকারের উদাসীনতা নিয়ে তোপ দেগেছেন তিনি। মুখ্যমন্ত্রীর পাশাপাশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবও এক্সপোস্টে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তিনি লিখেছেন, রেল দুর্ঘটনার এই ছবি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। রেলমন্ত্রী এবং সরকারের কাছে যার কোনও সদুত্তর নেই।









