
ভোররাত থেকেই ঝিরিঝিরি, আবার কখনও মুষলধারে বৃষ্টিতে কলকাতা ভিজলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উল্টোরথে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতায় সোমবার আংশিক মেঘলা আকাশ থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। যারফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার দিন অল্পবিস্তর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি একেবারেই কম হবে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে ফের একটু আধটু বৃষ্টি হলেও হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। অতিবৃষ্টি ও প্রবল বৃষ্টি কমে যাওয়ায় সোমবার থেকে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি উত্তরবঙ্গে। সোমবার দার্জিলিং কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।









