
বাগদায় মানব পাচারের অভিযোগে দালাল সহ ১০ বাংলাদেশিকে গাছে বেঁধে রাখল বাসিন্দারা।
বাংলাদেশিদের গ্রামে এনে পাচারের অভিযোগে দুই স্থানীয় যুবককেও গাছে বেঁধে রাখেন ক্ষুব্ধ জনতা। ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগদার নলডু গাড়ি গ্রামে। ঘটনার পরে দালাল তুহিন বালা এবং তার সহযোগী আকাশের বাড়িতে তালা লাগিয়ে দেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ গভীর রাতে বহিরগতদের আনাগোনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। রবিবার সকালে এলাকার মহিলারা মর্নিং ওয়াকে বেরিয়ে রাস্তার পাশে কলাবাগানে কয়েকজন মহিলাকে লুকিয়ে থাকতে দেখেন। এরপরেই তাদের জেরা করতেই বাংলাদেশি পরিচয় সামনে আসে। এরপরেই ক্ষুব্ধ জনতা অভিযুক্ত দালালের বাড়িতে গিয়ে আরও বাংলাদেশিদের খোঁজ পান। এরপরেই তাদের গাছে বেঁধে পুলিশে খবর দেন। স্থানীয়রা আরও জানিয়েছেন তুহিন এবং আকাশ দীর্ঘদিন ধরে এলাকায় বাংলাদেশ থেকে লোক এনে ভারতের বিভিন্ন রাজ্যে পাচারের কাজ করছিল। টাকার বিনিময়ে নকল পরিচয়পত্রও তৈরি করে দিত অভিযুক্তরা।









