গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Entertainment রামমন্দির আঁকা জ্যাকেট পেলেন রণবীর

    রামমন্দির আঁকা জ্যাকেট পেলেন রণবীর

    0
    20
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    রামায়ণ-এর প্রথম ঝলক লঞ্চ করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালোহোত্রা। সদ্য মার্কিন মুলুকের এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট পিরিয়ড ড্রামার টিজার দেখানো হলেও, সীমিত সংখ্যক দর্শকের জন্য সেই ব্যবস্থা করা হয়েছিল।

    তবে হনুমান জয়ন্তীতে গোটা বিশ্বের কাছে রামায়ণ-এর মেগাবাজেট ঝলক তুলে ধরতে চলেছেন নির্মাতারা। তার প্রাক্কালেই যেন ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ এক দুর্দান্ত উপহার পেয়েছেন রণবীর কাপুর। রঘুনন্দনের চরিত্র আত্মস্থ করতে নিভৃতেই বছর তিনেক ধরে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন রণবীর কাপুর। চাবুক ফিগার গড়তে নাকি এইসময়ে ব্যায়ামাগারে নিয়ম করে হাড়ভাঙা খাটুনির মধ্য দিয়েও যেতে হয়েছে কাপুরনন্দনকে। এমনকী ত্যাগ করেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও, যদিও সুপারস্টার কাপুরের আমিষ ত্যাগ নিয়ে দ্বিমত রয়েছে, তবে নিষ্ঠার কোনও খামতি রাখেননি রণবীর। স্বাভাবিকভাবেই রণবীরকে, রাম অবতারে দেখার জন্য প্রায় চাতক পাখির দশা হয়েছে দর্শক, ফ্যান ফলোয়ারদের। তবে এপ্রিলের পয়লা দিন পোহালেই অপেক্ষার অবসান ঘটছে। কারণ রামভক্ত হনুমানের জন্মজয়ন্তীতে রামায়ণ ঝলক সামনে এসেছে। তার প্রাক্কালেই লস অ্যাঞ্জেলসে শো করতে গিয়ে রামমন্দির জ্যাকেট পেয়েছেন পর্দার রাম রণবীর কাপুর। খবর, মার্কিন মুলুকে টিজার লঞ্চের শোয়ে উপস্থিত জনৈক ফ্যান, যিনি পেশায় আদতে পোশাকশিল্পী, তিনিই রামায়ণ-এর ঝলক দেখার পর রণবীরের হাতে ওই বিশেষ বন্ধগলা জ্যাকেট তুলে দিয়েছেন। লাল রঙের যে পোশাকে সোনালি সুতোয় অযোধ্যার রামমন্দিরের আদলে কারুকাজ ফুটে উঠেছে। ওই ফ্যান-র দাবি, ঝলকে রণবীরকে দেখে রামানন্দ সাগরের রাম অরুণ গোভিলের কথা মনে পড়েছে তাঁর। উল্লেখ্য,সিনেমা ঘোষণার পর অনেকেই রামের চরিত্রে কাপুরনন্দনের কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন।এমনকী রাম হিসেবে রণবীর যে অযোগ্য, এমন কটাক্ষও শুনতে হয় তাঁকে। এবার জনৈক ফ্যান তাঁর সঙ্গে টেলিপর্দার রাম অরুণ গোভিলের তুলনা টানায় বেজায় আপ্লুত রণবীর কাপুর।

    ধন্যবাদ জানিয়ে অভিনেতার মন্তব্য, এটা সত্যিই তাঁর জন্য অত্যন্ত বিশেষ মুহূর্ত। এই সিনেমা তাঁদের ভালোবাসার ফসল। সেই সৃষ্টিকে সকলের সামনে তুলে ধরতে পেরে যারপরনাই আনন্দিত। আপনারাই প্রথম যাঁরা রামায়ণ-এর ঝলক দেখার সুযোগ পেলেন। পাশাপাশি রামমন্দির আঁকা জ্যাকেট হাতে পেয়ে খুঁটিয়ে পরখ করতেও দেখা গিয়েছে সুপারস্টার কাপুরকে। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত নেটভুবনের চর্চায়।