
বেআইনি অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয় নতুন নয়। তাঁদের ফেরানোর পদ্ধতিতেও কোনও পরিবর্তন আসেনি, বিরোধীদের আক্রমণের মধ্যে এই মন্তব্য করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
তিনি বলেছেন, কোনও দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্যত্র বসবাস করেন সেক্ষেত্রে তাঁদের ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট দেশ বাধ্য। জয়শঙ্কর আরও বলেছেন, এই অভিবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার করা না হয় তা নিশ্চিত করার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে কেন্দ্র নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এর আগে ২০০৯ সাল থেকে ২০২৪ পর্যন্ত কত সংখ্যক বেআইনি অভিবাসীদের দেশে ফেরানো হয়েছে, সেই পরিসংখ্যানও তুলে ধরেছেন বিদেশমন্ত্রী। অতীতে যে পদ্ধতিতে বেআইনি অভিবাসীদের ফেরানো হতো, এ বারও সেই একইভাবে তাঁদের ফেরানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।এদিকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু তার আগে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে ১০৪ জন অবৈধ অভিবাসীকে। হাতে পড়ানো হাতকড়া, পায়ে বাধা রয়েছে শিকল এভাবেই আমেরিকার সেনা বিমানে চেপে দেশে ফিরেছে ১০৪ জন অবৈধবাসী ভারতীয়। পাঞ্জাবের অমৃতসরে সেই বিমান নামলেও, তার ধারেকাছে ঘেঁষতে পারেনি কেউই। এমনকি বিমানবন্দর থেকে গাড়িতে চাপিয়ে ভারতীয়দের বের করে আনার সময়ও কাছে যেতে দেওয়া হয়নি কাউকে।এর মধ্যে হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো অবস্থায় ভারতীয়দের বিমানে তোলার ভিডিও পোস্ট করেছেন আমেরিকার বর্ডার প্যাট্রোল বিভাগের প্রধান মাইকেল ডব্লিউ ব্য়াঙ্কস। এদিকে বলা হচ্ছে,গত বছর জো বাইডেন শয়ে শয়ে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন।
দ্বিতীয় বার ক্ষমতায় এসে ডোনাল্ড ট্রাম্পও সেই কাজে হাত দিয়েছেন।বলা হচ্ছে,১৮ হাজার ভারতীয় অভিবাসীকে আপাতত চিহ্নিত করেছে ডোনাল্ড ট্রাম্প সরকার, যার মধ্যে প্রথম দফায় ১০৪ জনকে ভারতে ফেরত পাঠায় তারা।









