
এসআইআর শুনানির আবহে এবার ফর্ম সেভেন জমা করা নিয়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় লালবাগ মহকুমা শাসকের দফতর সংলগ্ন এলাকায়। অভিযোগ, মুর্শিদাবাদ কেন্দ্রের বিজেপি বিধায়কের নেতৃত্বে ফর্ম সেভেন জমা দিতে গিয়েছিল মুর্শিদাবাদ সংগঠনিক জেলা বিজেপির নেতাকর্মীরা। তখন তাঁদের ফর্ম কেড়ে নিয়ে তৃণমূলের কর্মীরা আগুন ধরিয়ে দেয়। এরপরে পুলিশের সামনেই তৃণমূল সভাপতির গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। এরপর দেখা যাচ্ছে, আসানসোল দক্ষিণ থানার মহকুমাশাসক অফিসে হেয়ারিং কেন্দ্রে তুমুল উত্তেজনা।
তৃণমূলের অভিযোগ, একটি কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফর্ম সেভেন বিজেপি নেতৃত্বরা নিয়ে আসে। বিষয়টি জানানোর পর তৃণমূলের নেতৃত্বরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। এমনকী, গাড়ির সামনের কাচও ভাঙচুর করা হয়। এরপর তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বিজেপির নেতৃত্বের বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রচুর সংখ্যক কর্মী-সমর্থককে নিয়ে বার্নপুর রোডে অবরোধ করে দক্ষিণ পুলিশ পোস্ট ঘেরাও করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় এক বিজেপি নেতৃত্বকে আটক করেছে পুলিশ। তবে শুধু আসানসোল নয়, বিধায়কের হাত থেকে ফর্ম ছিনিয়ে ছিঁড়ে ফেলার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত বনগাঁ উত্তর এসডিও অফিসের সামনে। অভিযোগ, বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার হাত থেকে ফর্ম সেভেন ছিনিয়ে নেন তৃণমূলের কর্মীদের অভিযোগ। আবার চুঁচুড়া সদর মহকুমা শাসক দফতরে শুনানি কেন্দ্রে গিয়ে দাদাগিরি বিধায়ক অসিত মজুমদারের। ফর্ম সেভেন ছিঁড়ে ফেলা হল। একজন ফর্ম জমা দিতে এলে তাঁকে মারধর-ঠেলাঠেলির অভিযোগ। মালদার হরিশ্চন্দ্রপুর এসআইআর শুনানি কেন্দ্রে তৃণমূলের ধর্না বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ব্যাপক উত্তেজনা, তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা ধস্তাধস্তি, ঘটনা সামনে আসতেই তোপ বিজেপির।
কল্যানী মহকুমা শাসকের অফিসের বাইরে উত্তেজনা। বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে। রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অবরোধ স্থানীয়দের।এদিকে, আমডাঙায় এসআইআর শুনানিতে উপচে পড়া ভিড়। ১২ নং জাতীয় সড়কের ওপর ভিড় পৌঁছে যায়। আর সেখানেই শুনানিতে এসে অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটেছে বলে খবর।






