
তৃণমূল-আইএসএফ সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়। বোমাবাজি, মারধরের ঘটনায় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
আইএসএফের অভিযোগ ২১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে কর্মী সমর্থকরা কলকাতায় শহিদ মিনারের সভায় যোগদান করেছিলেন। সেজন্য আইএসএফ কর্মীদের ওপর হামলা করেছে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার দলবল। আইএসএফ-র আরও অভিযোগ এলাকাকে অশান্ত করতে ব্যাপক বোমাবাজি করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁর বাবা-মা, ভাইকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওহিদুল। যদিও তৃণমূল নেতা খয়রুল ইসলামের দাবি হামলার ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। গন্ডগোলের খবর পেয়ে এলাকায় পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ।
এলাকায় এখনও পড়ে রয়েছে বোমার সুতলি, অন্যান্য সামগ্রী। উত্তেজনা থাকায় কাশীপুর থানার পুলিশ মোতায়েন রয়েছে এলাকায়।








