
ভারত মহাসাগরে ইরানের দ্বিতীয় রণতরী থেকে ২০৪ জনকে উদ্ধার শ্রীলঙ্কার নৌবাহিনীর। হঠাৎ ইঞ্জিনবিভ্রাট ধরা পড়ায় জাহাজটি মাঝসমুদ্রে আটকে পড়েছে।
সেখান থেকে ২০৪ জনকে উদ্ধার করে নিরাপদে কলম্বোতে নিয়ে গিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, ইরানের আইআরআইএনএস বুশেহ্র যুদ্ধজাহাজটিতে মোট ২০৮ জন ছিলেন। ইতিমধ্যেই ২০৪ জনকে উদ্ধার করে কলম্বোতে পৌঁছে দেওয়া হয়েছে। ওয়েলিসারা নৌঘাঁটিতে তাঁদের নিয়ে যাওয়া হবে এবং শারীরিক পরীক্ষা করানো হবে। তারপর দেশে ফেরানোর বন্দোবস্ত করা হবে ওই ইরানি নাগরিকদের। তবে জাহাজটি কলম্বো থেকে একটু দূরে মাঝসমুদ্রে রয়েছে। তার নিকটবর্তী বন্দর ত্রিঙ্কোমালি।
সেখানে পৌঁছোতে আরও অন্তত দু’দিন লাগতে পারে। জাহাজে এখনও চারজন ইরানি নাগরিক রয়েছে। উল্লেখ্য, ভারত থেকে ফেরার পথে শ্রীলঙ্কার কাছে ভারত মহাসাগরের উপর ইরানের যুদ্ধজাহাজ আইরিশ ডেনায় হামলা চালায় আমেরিকা। মার্কিন টর্পেডো হামলায় জাহাজটি ডুবে গিয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে সেই উদ্ধারকাজে হাত লাগায় ভারতীয় সেনাও। এখনও পর্যন্ত ৮৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে।









