
আগামী ৪ সেপ্টেম্বর বিধানসভা ঘেরাও-র ডাক দিয়েছে যোগ্য চাকরিহারাদের একাংশ। যোগ্য চাকরিহারা শিক্ষকদের অন্যতম মুখ সুমন বিশ্বাস এক ভিডিও বার্তায় বলেছেন, ৪ তারিখ যোগ্য শিক্ষকরা যে যেখান থেকে পারবেন বিধানসভা ঘেরাওয়ে আসুন।
যারা বেতন পাচ্ছেন তারাও আসুন। সুমন চান চাকরি ফেরত ইস্যুতে রাজ্য বিধানসভার অধিবেশন। পাশাপাশি যোগ্য’দের আলাদা করে তালিকা প্রকাশ করার দাবিও তুলেছেন তিনি। সোমবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন যোগ্য’দের একাংশ। সেখানে সুমনও ছিলেন। জানিয়েছেন, ওই বৈঠকেই যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশের দাবি জানানো হয়েছে এবং ২৪ ঘণ্টা সময়ও দেওয়া হয়েছে। তালিকা না প্রকাশ পেলে তাঁরা অনশনে বসবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
এর সঙ্গে সুমন আরও একবার স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁরা পরীক্ষায় বসবেন না। স্পষ্ট কথা, চাকরি চুরি করেছে বোর্ড, রাজ্য সরকার, শাসক দল, অযোগ্যরা।








