
নিজের বাড়িতেই দুষ্কৃতীদের দ্বারা ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলিউড অভিনেতা সইফ আলি খানকে। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বারা তাঁকে অস্ত্র দিয়ে কোপানো হয়েছে।
এরপরই তড়িঘড়ি আহত অবস্থায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছে সইফ-কে। সেখানেই অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। মুম্বইয়ের বান্দ্রায় সৎগুরু শরণ বিল্ডিং নামের একটি আবাসনে থাকেন সইফ আলি খান। এই আবাসনেই থাকেন অভিনেতার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী করিনা কপূর। সইফদের সঙ্গে থাকেন তাঁর দুই শিশুসন্তান, আট বছরের তৈমুর এবং চার বছরের জেহ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দুষ্কৃতী যখন সে বাড়িতে ঢোকে, সেই সময় ঘুমোচ্ছিলেন অভিনেতা এবং তাঁর পরিবারের অন্য সদস্যেরা। বাড়ির পরিচারিকা চোরকে দেখে ফেলেন। আওয়াজ পেয়ে বাড়ির সকলে উঠে পড়লে তখনই সইফকে চুরি দিয়ে আঘাত করে ওই চোর। এরপরই আবাসন থেকে বেরিয়ে যায় ওই দুষ্কৃতী। এরপরই সইফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম বলেছেন, এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়।
আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে। অভিনেতার টিম এর তরফ এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে। সইফ অনূরাগীদের অনুরোধ করছেন, এই সময়ে সকলকে ধৈর্য ধরে রাখতে।








