
অ্যাসিড আক্রান্তদের পুনর্বাসনের বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। অ্যাসিড আক্রান্তদের পুনর্বাসন নিয়ে করা জনস্বার্থ মামলার শুনানিতে এমনটাই বললেন প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।
অ্যাসিড আক্রান্তদের জন্যে নির্ধারিত এককালীন ক্ষতিপূরণ ও চিকিৎসায় সাহায্য যথেষ্ট নয় বলে মনে করেছে শীর্ষ আদালত। অ্যাসিড আক্রান্তদের জন্যে কেন সরকারি বা সরকার অধিগৃহীত সংস্থায় চাকরির ব্যবস্থা করা হবে না বা চাকরি দেওয়া সঙ্গে সঙ্গে সম্ভব না হলে অন্তর্বর্তীকালীন মাসে মাসে কেন সম্মানজনক ভাতার ব্যবস্থা করা হবে না — এই মর্মে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে জবাব চাইল শীর্ষ আদালত। ২০১৬–র রাইট অফ পার্সনস উইথ ডিজেবেলেটিজ অ্যাক্ট – এর আওতায় অ্যাসিড আক্রান্তদের বিবেচনা করা হয় না এবং ফলে তাঁরা অবর্ণনীয় কষ্টের জীবন যাপন করেন বলে শীর্ষ আদালতের দৃষ্টি আকর্যণ করা হয়েছে।
সেই মামলার রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রিপোর্ট ও মতামত সংকলন করে আদালতের কাজে সাহায্যের জন্যে ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটিকে আইনজীবী নিয়োগ করারও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি কান্ত ও বিচারপতি বাগচীর বেঞ্চ।









