
ভারতীয় সেনার ব্যবহৃত সোভিয়েত যুগের টি-৭২ অজেয় ট্যাঙ্কের খোলনলচে বদলাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের সঙ্গে চুক্তি সই হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ২ কোটি ৪৮ লক্ষ ডলারের ওই চুক্তি অনুযায়ী ৭৮০ অশ্বক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের বদলে টি-৭২ ট্যাঙ্কে বসবে ১০০০ অশ্বক্ষমতা সম্পন্ন ইঞ্জিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির অংশ হিসাবে রুশ সংস্থা রোসোবোরেনেক্সপোর্টের সঙ্গে যৌথ উদ্যোগে ওই ইঞ্জিন নির্মাণ হবে ভারতে। সহযোগী হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা আর্মার্ড ভেহিকল্স নিগম লিমিটেড। চেন্নাইয়ের হেভি ভেহিকল্স ফ্যাক্টরি’তে হবে নতুন ইঞ্জিনের নির্মাণ।
এ সংক্রান্ত প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও চুক্তিতে রয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। পাশাপাশি, ওই ট্যাঙ্কের মারণাস্ত্র এবং নজরদারি ব্যবস্থারও কিছু আধুনিকীকরণ হবে।









