
এবার লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। স্ট্যালিন অভিযোগ করেন, যে পদ্ধতিতে আসন পুনর্বিন্যাসের চেষ্টা হচ্ছে তাতে দক্ষিণ ভারতের রাজ্যগুলির উপর খাঁড়ার ঘা নেমে আসবে।
এ বিষয়ে প্রতিবাদ সংগঠিত করতে আগামী ৫ মার্চ সর্বদল বৈঠক ডেকেছেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের হিন্দি নীতি প্রসঙ্গে স্ট্যালিন বলেছেন, তিন ভাষা নীতি চাপিয়ে দিয়ে কেন্দ্র গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করছে। তবে তামিলনাড়ুর সরকার দু’ভাষা নীতির-ইংরেজি ও তামিল পক্ষে এবং হিন্দি আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। ২০২৯-এর লোকসভা নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার আসন পুনর্বিন্যাস করে লোকসভা কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে নিতে পারে বলে বিরোধীরা আশঙ্কা করছে। জনসংখ্যা অনুযায়ী লোকসভায় সাংসদসংখ্যাও বৃদ্ধি হওয়ার কথা। তা হলে হিন্দি বলয়ের রাজ্যগুলি থেকে লোকসভার আসনসংখ্যা অনেকটা বাড়বে।
তুলনায় দক্ষিণের রাজ্যগুলির সাংসদসংখ্যা তেমন বাড়বে না। ফলে গোটা প্রক্রিয়ায় বিজেপির লাভবান হওয়ার সম্ভাবনা।








